ভ্যাটিক্যান সিটি, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘকালের অবস্থান পাল্টে কনডম ব্যবহারের পক্ষে বললেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট।
তবে শুধু এইডস সংক্রমণ এড়াতে কনডম ব্যবহারের পক্ষে পোপের এই অবস্থান পরিবর্তন। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের মতোই কনডম ব্যবহারের বিপক্ষে অবস্থান অটুট রেখেছেন তিনি।
পোপ বেনেডিক্ট তার প্রকাশিতব্য বই 'লাইট অব দ্য ওয়ার্ল্ড'-এ লিখেছেন, প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে কনডম ব্যবহার কখনো কখনো রীতিসিদ্ধ।
২১৯ পৃষ্ঠার বইটি আগামী মঙ্গলবার প্রকাশের কথা রয়েছে। তবে এর উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে সংবাদপত্র 'ভ্যাটিকান' শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে।
পোপ বলেছেন, "এইচআইভি সংক্রমণ ঠেকাতে কনডম ব্যবহারই সত্যিকার পথ না হলেও যৌনকর্মীদের কনডম ব্যবহার নৈতিকতার প্রথম পদক্ষেপ।"
ক্যাথলিক নেতাদের মধ্যে পোপ বেনেডিক্টই কনডম ব্যবহারের ক্ষেত্রে প্রথম এ ধরনের মন্তব্য করলেন।
কৃত্রিমভাবে জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে কনডম ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে রোমান ক্যাথলিক ধর্মযাজকদের।
গত বছর ক্যামেরুন সফরকালে পোপ বেনেডিক্টও বলেন, কনডম ব্যবহারে এইচআইভি সংক্রমণ আরো বাড়ে।
তবে এবার সে অবস্থান পাল্টে এইচআইভি/এইডস ঠেকাতে বিশেষ বিশেষ ক্ষেত্রে কনডম ব্যবহারকে সমর্থন দিলেন পোপ।
পোপের এ অবস্থানকে স্বাগত জানিয়েছেন ক্যাথলিক সংস্কারবাদী ও এইচআইভি প্রতিরোধে কাজ করে যাওয়া বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।
এইচআইভি/এইডস'র ওপর জাতিসংঘ প্রকল্প (ইউএনএইডস) পোপের এ বক্তব্যকে 'উল্লেখযোগ্য ও ইতিবাচক পদক্ষেপ' হিসেবে আখ্যা দিয়েছে।
ইউএনএইডস'র নির্বাহী পরিচালক মাইকেল সিডিবে বলেছেন, "দায়িত্বশীল যৌন আচরণ ও কনডম ব্যবহার এইচআইভি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- এ বক্তব্য তার স্বীকৃতি দিয়েছে।"
'দ্য কেনিয়া ট্রিটমেন্ট অ্যাকসেস মুভমেন্ট'র (কেইটিএএম) প্রধান ডেভিড কামাউ পোপের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, "বাস্তবতাকে মাথায় রেখে সঠিক এ বক্তব্য এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫০০ ঘ.
bdnews24