লিসবন, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা ও অন্যান্য নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করতে রাজি হয়েছে রাশিয়া ও ন্যাটো।
লিসবনে ন্যাটো সম্মেলনে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউরোপে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে ন্যাটো যে উদ্যোগ নিয়েছে তাতে সহায়তা করবে রাশিয়া।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপের প্রশংসা করে ন্যাটো মহাসচিব অ্যান্দ্রেস ফগ রাসমুসেন ও মেদভেদেভ দুজনই বলেন, স্নায়ু যুদ্ধযুগের দুই শত্র" অতীতের সংকট থেকে বেরিয়ে এসে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।
রাসমুসেন বলেন, "আজ ন্যাটো-রাশিয়া সম্পর্ক এক নতুন যুগের সূচনা করলো। ইতিহাসে এই প্রথম ন্যাটো দেশগুলোর পাশাপাশি রাশিয়া নিজেদের প্রতিরক্ষার জন্য একযোগ কাজ করতে সম্মত হয়েছে।"
সব বিরোধ অতিক্রম করে তারা সহযোগিতার সম্পর্কে পৌঁছেছে জানিয়ে মেদভেদেভ বলেন, "আমাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে। ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলাসহ সব ক্ষেত্রেই আমরা একযোগে কাজ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/১২৩৯ ঘ.
bdnews24