২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছ'মাসপূর্তি স্মরণ করবে লাল শার্ট বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে সরকারবিরোধী 'লাল শার্ট' আন্দোলনকারীদের ওপর সেনা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের ছয়মাস পূর্তি উপলক্ষ্যে, শুক্রবার ব্যাংককের রাস্তায় সমবেত হওয়ার পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ব্যাংকক, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকারবিরোধী 'লাল শার্ট' আন্দোলনকারীদের ওপর সেনা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের ছয়মাস পূর্তি উপলক্ষ্যে, শুক্রবার ব্যাংককের রাস্তায় সমবেত হওয়ার পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। তবে এই জমায়েত সহিংসতার দিকে মোড় নেবে না বলেই ধারণা করা হচ্ছে। ব্যাংককের যে বাণিজ্যিক অঞ্চলটি গত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত 'লাল শার্ট' বিক্ষোভকারীরা দখল করে রেখেছিল সেখানেই তারা সমবেত হবে। এপ্রিল-মে মাসের প্রায় দুইমাসব্যাপী সরকার বিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী সহিংসতায় ৯১ জন নিহত এবং কমপক্ষে ১৮শ' মানুষ আহত হন। আধুনিক থাইল্যান্ডের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার ঘটনা। কিন্তু সুস্পষ্ট ও যথাযথ নেতৃত্বের অভাবে 'লাল শার্ট' দের সরকারবিরোধী আন্দোলন দিকভ্রান্ত হয়ে পড়ে। ১৯ মে রাতব্যাপী দাঙ্গা ও সেনা বাহিনীর কঠোর অভিযানে এই আন্দোলন নিয়ন্ত্রিত হয়। এতে অনেকে নিহত ও আহত হন। কমপক্ষে ৩০টি ভবন ভস্মীভূতও হয়। শুক্রবার সন্ধ্যায় কমপক্ষে ১০ হাজার বিক্ষোভকারী সেই রক্তক্ষয়ী দিনটির ছয়মাসপূর্তি স্মরণে জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার সকালে কয়েকশ' বিক্ষোভকারী কালো পোশাক পড়ে, লাল গোলাপ হাতে ব্যাংককের জেলখানার বাইরে সমবেত হয়ে কারাবন্দি বিক্ষোভকারী ও তাদের নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানায়। ওই আন্দোলনের ঘটনায় কমপক্ষে ১৫০ জনকে আটক করা হয়। যদিও ব্যাপক জনসমাগমের আশা করা হচ্ছে কিন্তু এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেই ধারণা করছেন পর্যবেক্ষক ও নিরপত্তা কর্মকর্তারা। এই জনসমাগমে বাড়তি নিরাপত্তার জন্য ১৮শ' পুলিশ নিয়োজিত থাকবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৫৯ঘ.