২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিকস প্রতিষ্ঠাতাকে আটক করতে চায় সুইডেন

ইরাক ও আফগান যুদ্ধের গোপন নথি ফাঁস করা ওয়েবসাইট উইকলিকসের প্রতিষ্ঠাতা ও এডিটর-ইন-চিফ জুলিয়ান আসেঞ্জেকে আটক করতে চায় সুইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

স্টকহোম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক ও আফগান যুদ্ধের গোপন নথি ফাঁস করা ওয়েবসাইট উইকলিকসের প্রতিষ্ঠাতা ও এডিটর-ইন-চিফ জুলিয়ান আসেঞ্জেকে আটক করতে চায় সুইডেন। ওই নথি ফাঁস হওয়ার পর থেকেই কড়া নজরে থাকা আসেঞ্জেকে ধর্ষণের অভিযোগে আটক করার জন্য আদালতকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন সুইডেনের এক আইনজীবী। অস্ট্রেলিয়ার নাগরিক আসেঞ্জের বিরুদ্ধে সেপ্টেম্বরে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন। গত আগস্টে তার ধর্ষণ মামালার নিষ্পত্তি ঘটলেও পরে আপিলের ভিত্তিতে এ মামলা আবারো শুরু হয়েছে। স্টকহোম জেলা আদালতের আইনজীবী ম্যারিয়ান নি বলেছেন, অ্যাসেঞ্জের বিরূদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন ও বেআইনি বলপ্রয়োগের অভিযোগ রয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, "তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখনো তার নাগাল পাইনি।" আর তাই আসেঞ্জেকে জেরা করার জন্যই তিনি তাকে আটকের অনুরোধ জানিয়েছেন বলে জানান। উইকিলিকস গত জুলাইয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগনিস্তান যুদ্ধ সম্পর্কিত ৭৬ হাজার গোপন নথি প্রকাশ করার পর অক্টোবরে আবারো ইরাক যুদ্ধ সম্পর্কিত ৪০ হাজার গোপন নথি প্রকাশ করে। এতে ুব্ধ হয় পেন্টাগন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৯ ঘ.