কাবুল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র আফগান বাহিনীর হাতে নিরাপত্তাভার তুলে দিয়ে ২০১৪ সালের শেষ নাগাদ যুদ্ধাভিযান শেষ করতে চাইলেও চলমান নিরাপত্তা সঙ্কটের কারণে তা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছে ন্যাটো।
ন্যাটোর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার জানান, ন্যাটো বাহিনীর হাত থেকে আফগানদের হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দিতে ২০১৪ সালের সময়সীমা পেরিয়ে যেতে পারে।
আবার কোনো কোনো জায়গায় নিরাপত্তা পরিস্থিতি আরো নাজুক থাকার কারণে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে ২০১৫ সাল বা তারও বেশি সময়ও লেগে যেতে পারে। বলেছেন, আফগানিস্তানে ন্যাটোর শীর্ষ কর্মকর্তা মার্ক সেডউইল।
কিন্তু যুক্তরাষ্ট্র এখনো ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান ছাড়ার বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছে। লিসবনে শুক্র ও শনিবার অনুষ্ঠেয় দু দিনের ন্যাটো সম্মেলনেই এ সময়সীমা চূড়ান্ত করে ফেলার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র।
ওদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও ২০১৪ সালের মধ্যেই বিদেশি বাহিনীর হাত থেকে আফগান বাহিনীর হাতে পুরাপুরি নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর চান।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালের জুলাই থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ বছর ডিসেম্বরে আবার আফগান যুদ্ধকৌশল পর্যালোচনা করার পরিকল্পনা করেছেন।
সেডউইল বলেছেন, নিরাপত্তাভার হস্তান্তরের সময়সীমা নির্ভর করবে আফগানিস্তানজুড়ে বিদ্যমান পরিস্থিতির ওপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৭ ঘ.
bdnews24