পোর্ট অ প্রিন্স, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হাইতিতে কলেরা মহামারির জন্য জাতিসংঘ সেনাদের দোষারোপ করে সোমবার দুটো নগরীতে বিক্ষুব্ধ জনতা বিদেশি শান্তিরক্ষীদের ওপর চড়াও হলে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষীদের গুলিতে ওই বিক্ষোভকারী নিহত হওয়া ছাড়াও সংঘর্ষে আহত হয়েছে ছয় শান্তিরক্ষী।
বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে জাতিসংঘ সেনারা টিয়ারগ্যাসও ছুড়েছে।
হাইতিতে কলেরা মহামারিতে নিহতের সংখ্যা ৯শ ছাড়িয়েছে। এক শতাব্দির মধ্যে হাইতিতে প্রথম এরকম ভয়াবহ আকারে কলেরা ছড়ানোর জন্য নেপাল থেকে আসা জাতিসংঘ শান্তিরক্ষীদের দোষারোপ করেছে হাইতির কিছু অধিবাসী।
তবে জাতিসংঘ বলেছে, এ অভিযোগের কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি তারা।
বিডিনিউজটোয়েন্টি ডটকম/এলকিউ/২০১২ ঘ.
bdnews24