নয়া দিল্লি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচতলা আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ জন।
ধ্বংসস্তুপের নিচে আরো ৩০ জন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় ভবনটি ধসে পড়ে। উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন সারারাত উদ্ধারকাজ চালিয়েছে। মঙ্গলবারও জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।
কিন্তু ভবনটি সরু গলির ভেতরে অবস্থিত হওয়ায় উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছানো কঠিন হচ্ছে। দিল্লির মূখ্যমন্ত্রী শিলা দিক্ষীত একথা জানিয়েছেন।
এ মর্মান্তিক দুর্ঘটনার জন্য ভবনটির ত্রুটিপূর্ণ নির্মাণকাজকে দায়ী করেছেন তিনি।
তিনি এ দুর্ঘটনার জন্য ভবনটি নির্মাণকারীদের দোষারোপ করেন। ভবনটি নির্মাণের অনুমতি ছিলো কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে ভবনটির ভিত দুর্বল হয়ে পড়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫০ঘ.
bdnews24