সাংহাই, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাংহাইয়ের বহুতল ভবনে সোমবারের অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার একথা জানিয়েছে।
এর আগের খবরে ২৮ তলা ভবনটিতে এ অগ্নিকান্ডে ৪২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো সিনহুয়া।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলবাহিনী কয়েক ঘন্টা ধরে চেষ্টা চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, দমকল বাহিনী ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নির্মাণ সামগ্রীতে আগুন লেগে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এরপর আগুন সারা ভবনে ছড়িয়ে পড়ে।
আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনটিতে মেরামতির কাজ চলছিল। কোনো সূত্র উল্লেখ না করে সিনহুয়া জানিয়েছে, নিয়মবহির্ভুতভাবে ওয়েল্ডিং এর কাজ চলছিলো। আর এ থেকেই আগুন লাগে।
এ ঘটনায় জননিরাপত্তা বিভাগ সন্দেহভাজন চারজনকে আটক করেছে। আটককৃতরা কর্মী না ম্যানেজার সে সম্পর্কে খবরে কিছু বলা হয়নি।
জননিরাপত্তামন্ত্রী মেং জিয়ানঝু পুঙ্খানুপুঙ্খভাবে অগ্নিকান্ডের কারণ তদন্তের আহ্বান জানিয়েছেন। এ ঘটনার জন্য দায়ীদের সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৫৫ ঘ.
bdnews24