২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত বাণিজ্য এলাকা গড়তে একমত এপেক

এপেক সম্মেলনে রোববার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তুলতে একমত হয়েছেন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ইয়োকোহামা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এপেক সম্মেলনে রোববার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তুলতে একমত হয়েছেন নেতারা। জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত দু'দিনব্যাপী এপেক সম্মেলনের শেষ দিনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য এলাকা (এফটিএএপি) গড়ার বাস্তবসম্মত পদক্ষেপ নিতে রাজি হন ২১ টি দেশের নেতারা। যে এলাকা গড়ে উঠবে বিশ্বের তিনটি সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের সঙ্গে এশিয়া ও ল্যাটিন আমেরিকার অন্যান্য অংশের দ্রুত বিকাশমান অর্থনীতির কিছু দেশের সমন্বয়ে। সম্মেলনে নেতারা দোহা বাণিজ্য আলোচনায় গতি সঞ্চার করতেও একমত হন। সেইসঙ্গে জি-টোয়েন্টি সম্মেলনের মতো এ সম্মেলনেও মুদ্রা নিয়ে লড়াই এড়াতে রাজি হন নেতারা। দুটি সম্মেলনেই নেতারা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে একমত হলেও বিশ্ব অর্থনীতিতে ভারসাম্যহীনতা দূর করার সবচেয়ে ভালো উপায় নিয়ে পুরোপুরি একমত হতে পারেননি। অর্থনৈতিক নীতি নিয়ে দন্দ্বও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র ও বিশ্বের নতুন উদীয়মান অর্থনীতির দেশ চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এরকিউ/১৮১৬ ঘ.