কাবুল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে আফিমের দাম বাড়ছে। ফলে আয় বাড়াতে কৃষকদের নতুন করে পপি চাষের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কাবুল সরকার, বিদেশি দাতারাসহ আন্তর্জাতিক সংস্থাগুলো আফগানিস্তানে বহু বছর ধরে কৃষকদেরকে পপি চাষ বিমুখ করার চেষ্টা চালিয়ে আসছে।
কিন্তু গাঁজা ও আফিমের দাম বাড়ার ফলে পপি চাষ নতুন করে বেড়ে গেলে এ চেষ্টা মুখ থুবড়ে পড়বে।
আফগানিস্তানে জাতিসংঘের মাদক বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা জিয়ান লাক লেমাইয়ু সতর্ক করে দিয়ে বলেছেন, দাম অস্বাভাবিকরকম বেশি। এর বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা না নেওয়া গেলে পপি উৎপাদন বেড়ে যাবে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, গত বছর পপিতে ফাঙ্গাস আক্রমণের কারণে আফিম উৎপাদন ৪৮ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৬০০ টনে। ফলে বেড়ে যায় আফিমের দাম।
আফগানিস্তানে সেপ্টেম্বরে আফিম বিক্রি হয়েছে গড়ে ২০৭ ডলার কেজি দরে। এ দর আগস্টে আফিমের মূল্যের ৩ শতাংশ বেশি। আর গত বছরের তুলনায় এ দর ১৬৫ শতাংশ বেশি।
অন্যদিকে, গাঁজার দর সেপ্টেম্বরে দিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে ১২৫ ডলার কেজিতে। গত বছরের তুলনায় এ দাম ৫২ শতাংশ বেশি।
পপি চাষের বিরুদ্ধে প্রচারাভিযান চালানোর কারণে এ বছর আফগানিস্তানে এর চাষ অনেকটাই কমে এসেছিলো। কিন্তু দাম বাড়ার কারণে কৃষকদের আবারো পপি চাষের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন লেমাইয়ু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ ঘ.
bdnews24