সউল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি/এএফপি)--- বিশ্বব্যাপী অস্থির ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে নেতাদের মতৈক্যের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয়েছে সউলের জি-টোয়েন্টি সম্মেলন।
দুদিনব্যাপী এ সম্মেলনে জটিল আলোচনা শেষে নেতারা শেষ পর্যন্ত অর্থনৈতিক নীতি নিয়ে মতবিরোধ দূর করে মুদ্রা নিয়ে লড়াই এড়াতে রাজি হয়েছেন। মুদ্রার পাল্টাপাল্টি অবমূল্যায়ন এড়ানোর অঙ্গীকার করেছেন তারা।
একইসঙ্গে বিশ্ব বাণিজ্যের ভারসাম্যহীনতা সামাল দিতে একটি 'নির্দেশিকামূলক নির্দেশাবলি' নিয়ে কাজ করে যেতে রাজি হয়েছেন তারা। যার আওতায় অর্থনীতি সংশ্লিষ্ট কর্মকর্তারা আমদানি-রপ্তানি বাণিজ্যে ভারসাম্যের ওপর নজর রাখতে পারবেন।
সম্মেলন শেষে স্বাক্ষরিত ঘোষণাপত্রে নেতারা বাজার-নির্ধারিত মুদ্রা বিনিময় হারের পথে এগুনোর পাশাপাশি মুদ্রামানের 'প্রতিযোগিতামূলক অবমূল্যায়ন' পরিহারের অঙ্গীকার করেন। তবে মুদ্রার বিনিময় মূল্য নিয়ে মতপার্থক্য পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি নেতারা।
এর আগে মুদ্রাব্যবস্থা ও বাণিজ্যে ভারসাম্যহীনতা নিয়ে সম্মেলনে কয়েকজন প্রতিনিধির মধ্যে প্রচণ্ড উত্তেজনা ছিলো। বিশেষত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ উত্তেজনা ছিলো তীব্র। এ সংঘাত বিশ্বে প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা দেখা দেয়।
এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারসাম্যহীনতা দূর করা নিয়ে কোনো বিতর্ক ওঠা উচিত নয়। তিনি বলেন, মুদ্রা বিনিময় হার হতে হবে অর্থনৈতিক বাস্তবতার নিরীখে।
বাজারের চাহিদা ও যোগান অনুযায়ী যাতে মুদ্রার মূল্যমান নির্ধারিত হয় সেদিকেই উদীয়মান অর্থনীতির দেশগুলোর নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন ওবামা।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে আলোচনায় ওবামা এ বিষয়টির অবতারণা করেছেন বলে জানান। তাছাড়া, যুক্তরাষ্ট্র চীনা মুদ্রার মূল্যায়নের দিকে তীক্ষ্ম নজর রাখবে বলেও জানান তিনি।
অন্যদিকে, বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি এখনো কাটেনি একথা স্মরণ করিয়ে দিয়ে সম্মেলনে সবাইকে সমন্বিত অর্থনৈতিক নীতি নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্র ও চীনের নেতারা। তা না হলে পরিণতি সবার জন্যই খারাপ হবে বলে তারা সতর্ক করে দেন।
দুবছর আগে বিশ্বে গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সময় রপ্তানীকারক ধনী ও ঋণ জর্জরিত দেশগুলোর মধ্যকার ভারসাম্যহীনতা থেকে সৃষ্ট মুদ্রা বিনিময়হারের অস্থিতিশীলতা সামাল দিতে যে সম্মিলিত উদ্যোগ দেখা গিয়েছিলো এ সম্মেলনে তাই আবার ফিরে পাওয়ার চেষ্টা চলেছে।
আয়ারল্যান্ডের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে সৃষ্ট নতুন সঙ্কটের পাশাপাশি চীনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায় করে রপ্তানি বাণিজ্যে সুবিধা নেওয়ার কৌশল, সরকারি বন্ড কিনতে যুক্তরাষ্ট্রে ডলারের মান কমানোসহ সার্বিকভাবে ঋণদাতা ও ঋণগ্রহীতা দেশগুলোর বাণিজ্যে ভারসাম্যহীনতা ও বিশ্বের মুদ্রামানের অস্থিতিশীলতা নিয়ে যে সঙ্কট দেখা দিয়েছে তা সামাল দেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত পোষণ করেছেন নেতারা।
তবে সম্মেলনে বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দোহা রাউন্ড নিয়ে এবারো আশার আলো দেখা যায়নি।]
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৬ ঘ.
bdnews24