হামবুর্গ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতের মুম্বাইয়ে হামলার মতো ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একাধিক হামলা চালানোর পরিকল্পনা করছে আল কায়েদা।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা সিএনএন কে একথা বলেছেন।
এ বছরের শেষের আগেই আল কায়েদা এ ধরনের হামলা চালানোর পাঁয়তারা করছে বলে ধারণা করছেন ইউরোপের সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা।
২০০৮ সালের নভেম্বরে আল কায়েদা সংশ্লিষ্ট পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই তৈয়বার অস্ত্রধারীরা মুম্বাইয়ের বিলাসবহুল দুটি হোটেল ও রেলওয়ে স্টেশনসহ কয়েকটি টার্গেটে গুলি চালিয়ে ১৬০ জনেরও বেশি মানুষকে হত্যা করে।
যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক সন্ত্রাসবিরোধী কর্মকর্তা সিএনএন কে বলেছেন, আল কায়েদা যুক্তরাষ্ট্রের মাটিতেও একইভাবে হামলা চালানোর চেষ্টা নেবে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন।
জুলাইয়ে আফগানিস্তানে জার্মানির হামবুর্গ থেকে আসা এক জঙ্গি আহমেদ সিদ্দিকি ধরা পড়ার পর পশ্চিমা গোয়েন্দারা আল কায়েদার এ ধরনের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে।
সিদ্দিকিকে বর্তমানে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন হেফাজতে রাখা হয়েছে। ইউরোপীয় ও মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24