ওয়াশিংটন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএনএন)---- এশিয়ায় এসে ভারত সফর করে পাকিস্তানকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছেন সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।
ওয়াশিংটনের 'এথিকস এন্ড পাবলিক পলিসি' সেন্টারে এক বক্তব্যে মুশাররফ বলেন, " ইতিহাসের ভয়াবহ বন্যা ও সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসাবে পাকিস্তান আশা করেছিলো ওবামা এখানে সংক্ষিপ্ত একটি সফর করবেন এবং সমবেদনা জানাবেন।"
তবে তিনি এও বলেন, "আমি যুক্তরাষ্ট্রের জনগণ কিংবা এর প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গিতে বাধ সাধার কেউ নই। ওবামার পাকিস্তান সফর না করার কোনো কারণ নিশ্চয়ই আছে।"
অন্যদিকে, আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ না হওয়ার দায় শুধু একতরফা ভাবে ইসলামবাদের ওপর চাপানোর জন্যও মুশাররফ যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সমালোচনা করা বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রকে আফগান অংশের নিরাপত্তা নিশ্চিত করায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, "পাকিস্তানের দিকটি আমাদের ওপর ছেড়ে দিন, আপনারা আফগানিস্তানের দিকটি দেখুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৮ ঘ.
bdnews24