ইয়াঙ্গুন, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি শর্তসাপেক্ষে গৃহবন্দিত্ব থেকে তার মুক্তি মেনে নেবেন না। সু চির আইনজীবী নায়ান উইন বুধবার একথা জানিয়েছেন।
মিয়ানমার জান্তা সরকার এ সপ্তাহে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ শেষে তাকে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
গৃহবন্দিত্বের মেয়াদ শেষের দিন শনিবার তাকে মুক্তি দেওয়া হতে পারে। কিন্তু জান্তা সরকার সত্যিই সু চিকে মুক্তি দিলে এর জন্য কোনো শর্ত মানতে রাজি নন তিনি।
সু চির আইনজীবী উইন বলেন, "১৩ নভেম্বর তার গৃহবন্দিত্বের মেয়াদ শেষ শেষ হচ্ছে। ফলে জান্তা সরকারকে এদিন বা তার আগেই তাকে মুক্তি দিতে হবে। আর তা হতে হবে নিঃশর্ত।"
"কারণ, সু চি বেঁধে দেওয়া কোনো শর্তসাপেক্ষে মুক্তি মানবেন না। আর আমরা সবাই এও জানি যে, অতীতেও তিনি এ ধরনের মুক্তি মেনে নেননি।"
গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন সু চি। সর্বশেষ গত বছর আগস্টে তাকে ১৮ মাসের জন্য গৃহবন্দি করে রাখার আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24