অসলো, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী কারাবন্দি মানবাধিকারকর্মী লিও জিয়াবোকে সম্মান জানাতে ১০ ডিসেম্বর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক চীনা ভিন্ন মতাবলম্বী যোগ দিতে পারেন।
নোবেল পুরস্কার প্রদান কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
নোবেল কমিটির সেক্রেটারি গেইর লুন্ডেস্টাড জানান, লিও তার স্ত্রী ও তৃতীয় একটি পক্ষের মাধ্যমে নোবেল কমিটির কাছে বেশ কয়েকটি আহ্বান জানিয়েছেন। এরমধ্যে একটি হচ্ছে শিশুদের সমবেত সঙ্গীত।
এছাড়া রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইর জানান, দেড় মিলিয়ন ডলারের এ পুরস্কার কে গ্রহণ করবে সে বিষয়ে লিউ'র পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।
তিনি আরো জানান, চীন থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভিন্নমতাবলম্বী এ অনুষ্ঠানে অংশ নেবে বলে তারা আশা করছেন।
তবে যেহেতু অধিকাংশই চীন থেকে আসার কথা, সেক্ষেত্রে ভিসা না পাওয়া এবং অর্থের কারণে তাদের
অংশগ্রহণ কমে যেতে পারে বলেও জানান তিনি।
অতীতে অনেক দেশই তার দেশের নাগরিকের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছে। তবে চীন এ ক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ না দেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলোতে চিঠি দিয়েছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৮ঘ.
bdnews24