দুবাই, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদাকে মোকাবেলা করতে মিত্রদের কাছ থেকে আরো সাহায্য প্রয়োজন ইয়েমেনের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সোমবার একথা বলেছেন।
পণ্যবাহী বিমানে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পার্সেল বোমা পাঠানোর ঘটনায় আল কায়দা দায় স্বীকার করার দুদিন পর ইয়েমেন একথা জানালো।
দু'সপ্তাহ আগে ইয়েমেনের দুটি পণ্যবাহী বিমান থেকে পার্সেল বোমা উদ্ধার হয় ব্রিটেন ও দুবাইয়ে। আল কায়েদা এ বোমা পাঠানোর দায় স্বীকার করে।
এর আগে গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার চেষ্টার দায়ও স্বীকার করে ইয়েমেনের আল কায়েদা শাখা।
এরপর থেকেই আল কায়েদা দমনের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে ইয়েমেন।
আরব নিউজ চ্যানেল আল আরাবিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল কিরবি বলেন, "যারা ইয়েমেন সরকারকে সাহায্য করতে চায় তাদের উচিত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনি বাহিনীকে গড়ে তুলতে সহায়তা করা এবং এর নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সাজ-সরঞ্জামাদি দিয়ে পাশে দাঁড়োনো।"
"এর পাশাপাশি যোগযোগ ও পরিবহনের ক্ষেত্রেও তাদের দিকে সহায়তার হাত বাড়াতে হবে।"
ইয়েমেন স্বাধীনভাবেই নিরাপত্তা অভিযান পরিচালনা করে আসছে বলে ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে জানান কিরবি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহাযতা করে। কিন্তু নিরাপত্তা অভিযান চালায় ইয়েমেনের নিরাপত্তা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৮ ঘ.
bdnews24