২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ক্ষমতা ভাগাভাগির সরকার গঠনের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরাকে সোমবার সবার অংশগ্রহণে একটি ক্ষমতা ভাগাভাগির সরকার গঠনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

মেলবোর্ন, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে সোমবার সবার অংশগ্রহণে একটি ক্ষমতা ভাগাভাগির সরকার গঠনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরাকে সরকার গঠন নিয়ে আট মাসের অচলাবস্থা নিরসনে রাজনৈতিক দলগুলোর আবার বৈঠকে বসার প্রস্তুতিলগ্নে হিলারি এ আহ্বান জানালেন। গত ৭ মার্চে ইরাকে নির্বাচনের পর এখন পর্যন্ত নতুন সরকার গঠিত হয়নি। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি শিয়া, কুর্দি এবং ছোট সুন্নি ব্লক এবং সুন্নি সমর্থিত ইরাকিয়া জোটের গুটিকয়েক আইনপ্রণেতার সমর্থন লাভ করেছেন। কিন্তু তার এখনো ইরাকিয়া জোটের ঊর্ধ্বতন নেতাদের সমর্থন প্রয়োজন। যে জোটটি নির্বাচনে অনেক বেশি ভোট পেয়েছে। জাতীয় ঐক্য সরকার গঠনে চূড়ান্ত চুক্তিতে পৌঁছার চেষ্টায় ইরাকের কুর্দি, শিয়া ও সুন্নি ব্লক সোমবার কুর্দি অঞ্চলের অরবিলে বৈঠক ডেকেছে। এ সময়টিতে অস্ট্রেলিয়া সফরে থাকা হিলারি সাংবাদিকদের বলেন, গত আট মাসে আমরা বহুবার শুনেছি যে, তারা মতৈক্যের কাছাকাছি পৌঁছে গেছে, তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে, ক্ষমতা-ভাগাভাগির সব বন্দোবস্তও তারা করে ফেলেছে, কেবলমাত্র তার কোনো ফল আমরা দেখতে পাইনি। তিনি বলেন, আমরা অনবরতই ইরাকিদেরকে সবার অংশগ্রহণে একটি সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছি। যে সরকারে জনগণের বিভিন্ন অংশের প্রয়োজন ও স্বার্থের প্রতিফলন ঘটবে এবং বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে আইনসম্মতভাবে ক্ষমতা ভাগাভাগি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৩ ঘ.