২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে পরমাণু আলোচনায় রাজি ইরান

ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে খুব শিগগিরই ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়ে বলেছে, তুরস্কে এ আলোচনা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 05:45 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

তেহরান, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে খুব শিগগিরই ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়ে বলেছে, তুরস্কে এ আলোচনা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি রোববার একথা বলেন। এর মধ্য দিয়ে ইরান এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকা পরমাণু আলোচনা শুরুর ব্যাপারে তাদের আগ্রহের সবচেয়ে ইতিবাচক আভাস দিলো। মোত্তাকি এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা আমাদের তুর্কি বন্ধুদের বলেছি যে তুরস্কে আলোচনায় বসতে আমরা রাজি।" এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্র ও জার্মানি ১৫-১৭ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু আলোচনার প্রস্তাব দিয়েছিলো ইরানকে। ইরান সে প্রস্তাবকে স্বাগত জানালেও আনুষ্ঠানিকভাবে তাতে রাজি হয়নি। মোত্তাকি বলেন, "আলোচনা চলছে এবং ঠিক পথেই এগুচ্ছে। আলোচনার সময়, আলোচ্যসূচি ও বিষয়বস্তু সম্পর্কে খুব শিগগিরই মতৈক্য হবে এবং আলোচনাও খুব তাড়াতাড়ি শুরু হবে বলে আমরা আশা করছি।" তবে জাতিসংঘ পরমাণু সংস্থার দপ্তর ভিয়েনায় এ আলোচনার অনুষ্ঠানের পরিবর্তে মোত্তাকি বিকল্প স্থান হিসাবে প্রতিবেশী তুরস্কের নাম বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৮ঘ.