২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আবার নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

আফগানিস্তানে ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে রোববার আবার নতুন নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে আইনপ্রণেতারাসহ নির্বাচনী প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

কাবুল, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানে ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে রোববার আবার নতুন নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে আইনপ্রণেতারাসহ নির্বাচনী প্রার্থীরা। ১৮ সেপ্টেম্বরের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবিতে এর আগে গত সপ্তাহে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছে প্রায় দেড়শ মানুষ। একই দাবিতে ফের নতুন করে বিক্ষোভ তালেবান সহিংসতা বিক্ষুব্ধ আফগানিস্তানে আরেক রাজনৈতিক অস্থিতিশীলতারই আভাস। পার্লামেন্টের সদস্য ও নির্বাচনী প্রার্থীরা তাদের শ'শ' সমর্থককে নিয়ে রোববার বিক্ষোভ করেছে। তারা অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে এর নিন্দা জানায়। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাসাদ এবং জাতিসংঘ সদরদপ্তর ভবনের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। ব্যানারে লেখা ছিল, "আমরা ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত অবৈধ নির্বাচনের নিন্দা করি, আর সরকারকে নতুন আরেকটি নির্বাচন দেওয়ার অনুরোধ জানাই।" আফগানিস্তানে তালেবান হুমকির মুখে অনুষ্ঠিত পার্লামেন্টের নিম্নকক্ষ নির্বাচনের প্রায় ৭ সপ্তাহ পেরুলেও এখনো কোনো ফল ঘোষণা হয়নি। নির্বাচনে ইতোমধ্যেই ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে। বাতিল হয়েছে প্রায় এক চতুর্থাংশ ভোট। স্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৩ ঘ.