২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

পোর্ট অ প্রিন্স, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। শুক্রবার দেশটিতে ঘূর্ণিঝড় টমাস আঘাত হানে। এর ফলে সৃষ্ট বন্যায় কলেরা আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ নতুন করে আরো ৫৯ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এতে আক্রান্ত হয়েছে আরো ছয় শ' ১৭ জন। এ নিয়ে সেখানে কলেরা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার তিন শ' ৫৯। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ এবং ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলো। টমাসের আঘাতে হাইতির পশ্চিমাঞ্চলে আট জনের মৃত্যু হয়েছে এবং দেশটিতে বন্যা দেখা দিয়েছে। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, হাইতির লিওগেনের সড়কগুলো বাণের পানিতে ডুবে গেছে এবং ৩৫ হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। লেস কায়েস, জ্যাকমেল ও গোনাইভেসেও বন্যা দেখা দিয়েছে। তবে রাজধানী পোর্ট অ প্রিন্সে তাবুতে আশ্রয় নেওয়া মানুষগুলো ঝড়ের কবল থেকে রক্ষা পেয়েছে। জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পে গৃহহারা ১৩ লাখ মানুষ পোর্ট অ প্রিন্সে তাবুতে রয়েছে। প্যান-আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার রয়টার্সকে বলেন, "কলেরা একটি পানিবাহিত রোগ। তাই অতিরিক্ত পানির অর্থ হচ্ছে অতিরিক্ত ঝুঁকি। বন্যার কারণে কলেরা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।" দেশটিতে জরুরি ত্রাণ সরবরাহে হাইতির সরকার এবং জাতিসংঘ প্রায় এক কোটি ৯০ লাখ ডলার অনুদান দেওয়ার জন্য দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৩৩৯ ঘ.