ইয়াঙ্গুন, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে কম ভোটার উপস্থিতি আর জালিয়াতের অভিযোগে দেশব্যাপী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিচ্ছিদ্র নিরাপত্তায় কড়া নজরদারি এবং জটিল নির্বাচনী নিয়মকানুনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে গণতন্ত্রপন্থিদের জন্য এ নির্বাচনে কোনো আশার আলো না থাকায় ভোট দেওয়ায় জনগণের উৎসাহ তেমন দেখা যায়নি। ফলে ভোটার উপস্থিতির হার ছিল খুবই নগন্য।
প্রত্যদর্শীরা জানিয়েছে, কেউ কেউ ভোট বাদ দিয়ে ইয়াংগুনের প্যাগোডায় জমায়েত হয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী চিন প্রদেশের রাজধানী হাকায় বেশিরভাগ ভোটার ভোট দেওয়া বাদ দিয়ে চার্চের প্রার্থণায় যোগ দিয়েছে।
১৯৯০ সালের পর মিয়ানমারে এটাই প্রথম পার্লামেন্ট নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সবগুলো আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই ভোটের মাধ্যমে পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং হাউস অব ন্যাশনালিটিজ-এর সদস্য নির্বাচিত হবে। একই সঙ্গে ১৪টি প্রাদেশিক পার্লামেন্টের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ৪০টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে।
সশস্ত্র দাঙ্গা পুলিশ ভোট কেন্দ্রগুলো পাহারা দিয়েছে এবং ইয়াঙ্গুনের রাস্তায় তারা ট্রাকে করে টহল দিয়েছে।
ইন্টারনেট ঠিকভাবে কাজ করেনি। ধারণা করা হচ্ছে সামরিক সরকার তথ্য নিয়ন্ত্রণ করতে এ কাজটি করেছে। এদিকে বিদ্যুৎ বিভ্রাটও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
১৯৯০ সালের নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূ চি'র নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) জয় পেলেও সামরিক জান্তা মতা হস্তান্তর না করে সূ চিকে গৃহবন্দি করে রাখে।
রোববারের এ নির্বাচন বর্জন করে দেশটির প্রধান বিরোধী দল এনএলডি।
মিয়ানমারের এ নির্বাচনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের নির্বাচনে সামরিক জান্তা সমর্থিত দ্য ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ১১৫৮ আসনের সব কয়টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
এই দলের একমাত্র কার্যকর প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ইউনিটি পার্টি (এনইউপি) ৯৮০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দলটিও সেনাসমর্থিত।
এছাড়া এনএলডি'র সাবেক কিছু নেতাকর্মীর সমন্বয়ে গঠিত গণতন্ত্রপন্থী নতুন দল 'ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফোর্স' প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে।
তবে পার্লামেন্টের উভয়কক্ষে ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর কর্মকর্তাদের জন্য সংরক্ষিত থাকায় সেনাসমর্থিত দল মাত্র ২৬ শতাংশ আসনে জয় পেলেই তারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/বিসিএস/এলকিউ/২২১৫ ঘ.
bdnews24