ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনে এবার খ্যাতনামা শিল্পী আই ওয়েইওয়েই-কে গৃহবন্দী করার অভিযোগ উঠেছে।
ওয়েইওয়েই অ্যাসোসিয়েটেড প্রেসকে টেলিফোনে বলেন, "আমাকে গৃহবন্দী করা হয়েছে। আপনি এ সরকারের সঙ্গে কখনোই কোনো বিতর্কে যেতে পারবেন না।"
বেইজিংয়ের শিল্পী পল্লীতে নিজের বাসভবনে তাকে গৃহবন্দী করা হয়েছে বলে জানান তিনি।
ওয়েইওয়েই চীনের বিখ্যাত শিল্পীদের একজন।
ওয়েইওয়েই জানান, সাংহাইয়ে তার বানানো নতুন একটি স্টুডিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই স্টুডিয়োটি ভেঙে ফেলার আগে সেখানে বন্ধুদের দাওয়াত দিয়ে একটি 'বিদায়ী পার্টি' করতে চেয়েছিলেন তিনি।
এ অনুষ্ঠান ঠেকাতেই তাকে গৃহবন্দী করা হয়েছে বলে দাবি করেছেন ওয়েইওয়েই।
প্রথমদিকে এ স্থাপনাটি বানাতে তাকে আমন্ত্রণ জানানো হলেও পরে সেটি অবৈধ বলে ঘোষণা দিয়ে শিগগিরই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বেইজিং অলিম্পিকের বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়াম বানানোর সময় শিল্পী উপদেষ্টা হিসেবে ভূমিকা রেখেছেন ওয়েইওয়েই। তার সর্বশেষ শিল্পকর্ম 'সানফ্লাওয়ার সিডস' বর্তমানে লন্ডনের টেট মর্ডানে প্রদর্শিত হচ্ছে।
১৯৫৭ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করা এ শিল্পী গত দুই দশকে চীনের শিল্পকলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৯৫৫ ঘ.
bdnews24