মন্তেররেই (মেক্সিকো), নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর মাদক চক্রের শীর্ষস্থানীয় এক জন শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। মেক্সিকোর সেনাসূত্রে এ খবর জানা গেছে।
নিহতের নাম এজেকিয়েল কার্দেনাস জিলিয়েন। 'টনি তরমেন্টা' নামে পরিচিত ওই ব্যক্তি টেক্সাস সীমান্তবর্তী মাতামোরস শহরে মেক্সিকোর নৌসেনাদের অভিযানে নিহত হন।
এ অভিযানে প্রায় ১৫০ জন নৌসেনা অংশ নেয়। অভিযানে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে। মাতামোরসে শক্তিশালী মাদক চক্রের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী লড়াই চালায় মেক্সিকোর সেনারা।
একটি বাড়ির অভ্যন্তরে লুকিয়ে থেকে মাদক চক্রের সদস্যরা সেনাদের লক্ষ করে ব্যাপক গুলি চালায়। তারা গ্রেনেডের বিস্ফোরণও ঘটিয়েছে।
শুক্রবার বিকেলের দিকে নিহত হন কার্দেনাস এবং মেক্সিকোর সেনারা সেখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয়।
নৌসেনাদের একজন মুখপাত্র জানান, "আমাদের সঙ্গে গোলাগুলিতে সে (কার্দোনাস) নিহত হয়েছে।"
৪৮ বছর বয়সী কার্দেনাস মেক্সিকোর একজন 'মোস্ট ওয়ান্টেড' মাদক চোরাচালানকারী। যুক্তরাষ্ট্র কার্দেনাসের মাথার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
গোলাগুলিতে তিন নৌসেনা এবং মাদকচক্রের অপর চার বন্দুকধারী নিহত হয়েছেন। একজন প্রতিবেদকও 'ক্রসফায়ার' -এ নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৫৫ঘ.
bdnews24