২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ভারত একাট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 08:03 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ভারত একাট্টা। ওবামা বলেন, মুম্বাই হামলার পর আবার মাথা তুলে দাঁড়ানো তাজ প্যালেস হোটেল ভারতের শক্তি ও সক্ষমতার প্রতীক। মুম্বাই হামলায় নিহতদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ওবামা বলেন, "আমরা তোমাদের কখনো ভুলবো না।" ২০০৮ সালের ২৬ নভেম্বর তাজ প্যালেস হোটেলসহ মুম্বাইয়ের অন্তত ১০টি স্থাপনায় একযোগে জঙ্গি হামলা চালায় সন্ত্রাসীরা। সে হামলায় কমপক্ষে এক শ' ৭৩ জন নিহত ও অন্তত তিন শ' আট জন আহত হয়। সন্ত্রাসীদের প্রতি সতর্ক বার্তা পাঠাতেই তিনি প্রথমে ভারতে গিয়েছেন এবং তাজ হোটেলে অবস্থান করছেন বলে জানান ওবামা। দশদিনের এশিয়া সফরের অংশ হিসেবে শনিবার দুপুরে ভারতে পৌঁছান ওবামা। সঙ্গে তার স্ত্রী মিশেল ওবামাও রয়েছেন। চারদিন ভারতে অবস্থান করবেন তিনি। এরপর তিনি ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন। ওবামা বলেন, "যুক্তরাষ্ট্র ও ভারত একযোগে কাজ করবে।" স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ওবামা। ওবামার এ সফরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি হবে বলে আশা করছেন মার্কিন কর্মকর্তারা। এশিয়া সফর শুরুর ঠিক আগে দেশে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ওবামার নেতৃত্বাধীন ডেমোক্র্যাট পার্টি ভরাডুবির শিকার হয়। বেকারত্বের উচ্চ হার নিয়ন্ত্রণে ব্যর্থতা ও অর্থনীতি চাঙ্গা করার ধীরগতির জন্যই ডেমোক্র্যাটদের পরাজয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই দেশের রপ্তানি খাতের উন্নয়ন ও বেকারত্ব কমাতে ভূমিকা রাখাই ওবামার এ সফরের মূল লক্ষ্য বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্টলেডি মিশেল বিমান থেকে নেমে এলে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চ্যাবান। বিমানবন্দর থেকে মার্কিন প্রেসিডেন্টকে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে মুম্বাইয়ের তাজ হোটেলে নিয়ে যাওয়া হয়। ওদিকে, ওবামার সফর ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে ভারত। মুম্বাই শহর জুড়ে কয়েক হাজার ভারতীয় ও মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তাছাড়া উপকূলীয় এ শহর সংলগ্ন নৌপথে রয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজের টহল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/এএমটি/১৮২৭ ঘ.