করাচি, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- করাচিতে ২১ আরোহীসহ একটি ভাড়া করা বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সবার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ইতালি ভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি ইএনআই'র ভাড়া করা বিমানটি থেকে এখনো পর্যন্ত অন্তত ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র পারভেজ জর্জ বলেন, করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছাড়ার পরপরই যান্ত্রিক ত্র"টির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে নিকটবর্তী একটি সামরিক সরঞ্জাম রাখার ঘাঁটিতে পড়ে।
সিন্ধু প্রদেশের ভিত শাহ'র একটি তেলক্ষেত্রের উদ্দেশ্যে বিমানটি যাত্রা করেছিলো বলেও জানান তিনি।
জর্জ রয়টার্সকে বলেন, "বিমানটি ছাড়ার এক মিনিট পরেই বৈমনিক বিমান বন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে জানান, অন্তত একটি ইঞ্জিনে ত্র"টি দেখা দিয়েছে। তিনি নেমে আসতে চাইছিলেন। কিন্তু ফেরার মুহূর্তেই বিমানটি বিধ্বস্ত হয়।"
বিমানে ১৯ যাত্রী ও দুইজন ক্রু ছিলো বলে জানান তিনি। অন্তত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিমান কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের মধ্যে অন্তত একজন বিদেশি ছিলেন।
উদ্ধার তৎপরতা তদারককারী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নুর আঘা বলেন, "বিমানটি ধ্বংস হয়েছে। মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় সনাক্ত করা যাচ্ছে না। তাদের মধ্যে কে নারী ও পুরুষ তা বোঝা যাবে না। আমরা তাদের জাতীয়তাও জানি না।"
ওই তেল কোম্পানির সঙ্গে ফোনে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫০২ঘ.
bdnews24