লন্ডন, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের সহিংসতা প্রবণ হেলমান্দ প্রদেশের কিছু অংশের দায়িত্ব মার্কিন বাহিনী নেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর।
২০০৯ সালের জুলাইয়ে ব্রিটিশ সেনাদের কাছ থেকে হেলমান্দ প্রদেশের ওই অংশের নিরাপত্তার দায়িত্ব নেয় মার্কিন মেরিন সেনারা।
বুধবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে হেলমান্দ প্রদেশের গভর্নর গুলাব মঙ্গল বলেন, "আমি স্বীকার করছি, ব্রিটিশ সেনারা আফগানিস্তানে অনেক কাজ করেছে। কিন্তু মার্কিন মেরিন সেনারা দায়িত্ব নেওয়ার পর অনেক জায়গায় আমরা উন্নত নিরাপত্তা ব্যবস্থা পেয়েছি।"
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, "সব দেশেরই অর্থনৈতিক, কারিগরি ও অস্ত্রশস্ত্রসহ যন্ত্রপাতির সমান সুবিধা থাকে না।"
আফগানিস্তানে যুদ্ধরত সাড়ে নয় হাজার ব্রিটিশ সেনাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে ব্রিটেনের সাবেক লেবার সরকার ব্যর্থ হয়েছে বলে যে সমালোচনা রয়েছে তা আরো জোরদার হয়েছে মঙ্গলের এ বক্তব্যে।
এ অঞ্চলে তালেবানের সঙ্গে যুদ্ধে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ব্রিটিশ সেনারা।
ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন জোট সরকার ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় কমানোর সিদ্ধান্ত নিলেও আফগানিস্তানে যুদ্ধরত ব্রিটিশ সেনাদের প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছে।
২০১৫ সাল নাগাদ আফগানিস্তান থেকে সব ব্রিটিশ সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী ক্যামেরনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪১৯ঘ.
bdnews24