সানা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেন সরকারকে সহযোগিতার জন্য আদিবাসী আবলাকি গোষ্ঠীর বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছে আরব উপদ্বীপের আল কায়দা।
একটি ইসলামি ওয়েবসাইটে মঙ্গলবার রাতে পোস্ট করা আল কায়দার ইয়েমেন শাখার এক বিবৃতিতে, ইয়েমেনের ওই আদিবাসী গোষ্ঠীর ধর্মীয় নেতা মার্কিন বংশোদ্ভূত আনোয়ার আল-আবলাকির উদ্দেশে এ হুঁশিয়ারি জানানো হয়েছে।
তবে বিবৃতিতে গত সপ্তাহে ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের দুটি ইহুদি উপাসনালয়ের ঠিকানায় বিমানের পার্সেল সার্ভিসের মাধ্যমে বোমা পাঠানোর বিষয়ে কিছু বলা হয়নি।
ইয়েমেনের সাবওয়া প্রদেশ থেকে আল কায়দা নির্মূলের লক্ষ্যে নিরাপত্তা বাহিনীকে সহায়তার জন্য দেশটির সরকার গত মাসে আবলাকি গোষ্ঠীর ধর্মীয় নেতা আনোয়ার আল-আবলাকির সঙ্গে গোপন চুক্তি করেছে।
ওদিকে, আল কায়দার সঙ্গে যোগাযোগ থাকায় আবলাকিকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরিয়ে দিতে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আল কায়েদার ওই বিবৃতিতে বলা হয়েছে, "যারা পশ্চিমা বিশ্ব ও সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় তাদের আল্লাহর শাস্তি পেতে হবে।"
বিবৃতিতে আরো বলা হয়, "আল্লাহর শত্র", আমেরিকা ও তাদের চরদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগিতা করুন এবং হোয়াইট হাউসের শাসকদের সন্তুষ্ট করা থেকে দূরে থাকুন।"
গত সপ্তাহের ব্যর্থ পার্সেল বোমা হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহভাজন সৌদি বংশোদ্ভূত বোমা তৈরিতে পারদর্শী এক ব্যক্তিকে আটক করতে মঙ্গলবার অভিযান শুরু করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী।
আবলাকিকেও আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১৩৪১ঘ.
bdnews24