মোনরোভিয়া, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ বুধবার তার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পেছনে কোনো কারণ জানানো হয়নি। তবে কোনো কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের কারণেই প্রেসিডেন্ট নির্বাচনের এক বছর আগে এমন পদক্ষেপ নেওয়ার কারণ বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "প্রেসিডেন্ট জনসন সারলিফ মন্ত্রীদের বলেছেন, তার প্রশাসন এক জটিল অবস্থার মধ্যে প্রবেশ করছে আর এ কারণেই তাদের বিদায় দিয়ে নতুন ভাবে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে।"
এতে আরো বলা হয়েছে, "প্রেসিডেন্ট খুব অল্প সময়ের মধ্যেই পুনরায় মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন এবং এতে পুরনো কয়েকজনকেও নতুন করে নিয়োগ দেওয়া হতে পারে।"
নতুন মন্ত্রি নিয়োগ না দেওয়া পর্যন্ত সহকারিরা দায়িত্ব পালন করে যাবেন। তবে প্রেসিডেন্ট বিষয়কমন্ত্রীকে তার পদে বহাল রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে বুধবার রয়টার্সকে কয়েকটি সূত্র জানায়, প্রেসিডেন্ট সারলিফ তার মন্ত্রিসভাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্টের এ পদক্ষেপকে আগামী বছর নির্বাচনে জয়ী হওয়ার কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৫৬ঘ.
bdnews24