কাবুল, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে আইনপ্রণেতারাসহ নির্বাচনী প্রার্থী ও তাদের সমর্থকরা।
আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৮ সেপ্টেম্বর। এ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। নির্বাচনের ছয় সপ্তাহ পেরুলেও কোনো ফল এখনো ঘোষণা করা হয়নি।
এ পরিস্থিতিতে হতাশা থেকে নতুন নির্বাচনের দাবি উঠেছে। জালিয়াতির নির্বাচন বাতিল করে এখন আগামী বছর আবার নতুন করে নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কাবুলের এক নারী প্রার্থী নাজলা আঞ্জিলা।
১৮ সেপ্টেম্বরের নির্বাচন অবৈধ ও অগণতান্ত্রিক অভিযোগ তুলে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছে প্রায় ১৫০ জন বিক্ষোভকারী।
বিশিষ্ট কয়েকজন এমপিও এ বিক্ষোভে শামিল হন। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রসাদের একটি ফটকের সামনে দিয়ে বিক্ষোভমিছিল করেন তারা।
বিক্ষোভকারীদের একজন লাউডস্পিকারে করে প্রেসিডেন্ট কারইজায়ের কাছে জালিয়াতির পার্লামেন্ট নির্বাচন বাতিলের দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৯ ঘ.
bdnews24