২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় লাখো মানুষ পানিবন্দি

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হাট ইয়াইয়ে এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ব্যাংকক, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হাট ইয়াইয়ে এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অক্টোবরের শুরু থেকে থাইল্যান্ডের উত্তরপূর্ব ও কেন্দ্রীয় অঞ্চলে বন্যায় এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণাঞ্চলে দেখা দেওয়া নতুন এ বন্যায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাট ইয়াইয়ের ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় ৬ থেকে ৭ সাত ফুট পর্যন্ত পানি উঠেছে বলে জানা গেছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল মূলত রাবার চাষের জন্য পরিচিত এবং হাট ইয়াই দেশটিতে রাবার বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র। হাট ইয়াইয়ের মেয়র প্রাই পাতানো টেলিফোনে রয়টার্সকে বলেন, "শহরটি পানিতে তলিয়ে গেছে। শহরে কোনো বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ নেই। এক লাখেরও বেশি মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে।" বিদ্যুৎ, পানি ও খাবারের অভাব এখানে প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে তিনি জানান। এ অঞ্চলের অন্তত ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫০২ঘ.