জাকার্তা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুনামি ও অগ্ন্যুৎপাতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে সোমবার নতুন করে লাভা উদগীরণ হয়েছে।
এক সপ্তাহে তৃতীয়বারের মতো মেরাপিতে এ অগ্ন্যুৎপাতের ঘটনায় এলাকা ছেড়ে পালিয়েছে প্রায় ৭০ হাজার মানুষ।
ওদিকে, সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১ জনে। ৮৮ জন এখনো নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছে।
সেন্ট্রাল জাভার যোগিয়াকার্তা শহরের কাছে মেরাপি আগ্নেয়গিরির প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উঁচুতে ঘন ছাই মেঘ ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যায় অঞ্চলের বাসিন্দারা ।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে মেরাপিতে অগ্নুৎপাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৮ জন নিহত এবং ৬৯ হাজার ৫৩৩ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ওদিকে, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা জানিয়েছে, যোগিয়াকার্তায় বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২২ ঘ.
bdnews24