হ্যানয়, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশি পুঁজির অত্যধিক অন্তঃপ্রবাহ ব্যবস্থাপনার ক্ষেত্রে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রধান হারুহিকো কুরোদা শনিবার এ পরামর্শ দেন।
কুরোদা বলেন, উন্নত দেশগুলোর মন্দাক্রান্ত অর্থনীতি থেকে আসা পুঁজি এই অঞ্চলের অর্থনীতির জন্য দুই ধরনের ঝুঁকি বয়ে আনতে পারে।
এডিবি প্রধানের মতে, এশিয়ার উন্নয়নশীল দেশগুলো প্রথম ঝুঁকিতে পড়তে পারে উন্নত অর্থনীতির দেশগুলোর মন্দা কাটিয়ে ওঠার প্রয়াস ব্যাহত হলে।
আর দ্বিতীয় ঝুঁকিটি হচ্ছে, বিদেশি পুঁজির অত্যধিক অন্তঃপ্রবাহ, যা কিনা এই দেশগুলোর সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা আরো জটিল করে তুলতে পারে।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি জোর দিয়ে বলেন, এ পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের তাই প্রস্তুত থাকতে হবে।
এডিবি প্রধান এমন সময়ে এ হুঁশিয়ারি দিলেন যখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে আরো চাঙ্গা করতে নতুন করে ব্যাংকিং খাতে মুদ্রা সরবরাহ বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে।
কুরোদা তাঁর লিখিত বক্তব্যে তুলে ধরেন, এই মুহূর্তে উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উন্নত বিশ্বের তুলনায় দ্রুত গতিতে এগোচ্ছে। অর্থনীতির এই ধরনের প্রবৃদ্ধি অনেক ক্ষেত্রেই নাজুক ও অস্থিতিশীল পুঁজির অত্যধিক অন্তঃপ্রবাহ ঘটিয়ে থাকে।
উল্লেখ্য ১০ সদস্যের আসিয়ান জোটের এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২০০৩ ঘ.
bdnews24