নাগোয়া, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রকৃতি রক্ষায় ২০২০ সাল পর্যন্ত নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ঐতিহাসিক চুক্তি করতে সম্মত হয়েছে প্রায় ২০০ দেশ।
এই ২০০ দেশের পরিবেশ মন্ত্রীরা শনিবার সকালে জাপানের নাগোয়া শহরে প্রকৃতি সুরক্ষা বিষয়ক জাতিসংঘ সম্মেলনে চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছান।
বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ নতুন এ চুক্তির অন্যতম লক্ষ্য।
পরিবেশ মন্ত্রীরা সরকারিভাবে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাকৃতিক উপাদানের জিনগত সুফল বিনিময়ের বিষয়ে আইন করতেও সম্মত হয়েছেন।
সাগর, বনভূমি ও নদী রক্ষায় একমত হয়েছেন তারা। ৬ কোটি ৫০ লাখ বছর আগে ডাইনোসরের বিলুপ্তির পর এখন বিশ্বে প্রাণী লোপের হার সর্বাধিক হওয়ায় প্রকৃতি সুরক্ষায় আন্তরিক হয়েছেন নেতারা।
বিশুদ্ধ পানিসহ প্রকৃতি থেকে পাওয়া নানা পণ্যের মূল্য নির্ধারণেও একটি সমঝোতায় পৌঁছেছেন তারা।
পরিবেশ মন্ত্রীরা মাছ সংরক্ষণ, বিলুপ্তির হাত থেকে প্রাণী রক্ষা এবং স্থলভূমি ও জলাভূমি রক্ষায় ২০টি বিধি সম্বলিত পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন।
বৈশ্বিক জীব বৈচিত্র্যের ক্ষতি ঠেকাতে কিছু আশু পদক্ষেপ গ্রহণসহ ২০২০ সাল পর্যন্ত করণীয় নির্ধারণ করেছেন তারা।
২০২০ সাল নাগাদ তারা ১৭ শতাংশ ভূমি ও জলাভূমি এবং ১০ শতাংশ উপকূলীয় ও সামুদ্রিক এলাকা সংরক্ষণে সম্মত হয়েছেন।
বর্তমানে ১৩ শতাংশ ভূমি ও ১ শতাংশ সামুদ্রিক এলাকা সংরক্ষণ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৬৪৫ ঘ.
bdnews24