নাগোয়া, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রকৃতির সুরক্ষায় জাপানের নাগোয়ায় আয়োজিত জাতিসংঘ বৈঠকের অন্তিম মূহূর্তে শুক্রবার লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন বিশ্বের পরিবেশ মন্ত্রীরা।
পৃথিবীর জল ও স্থলভাগের কতখানি অংশ সুরক্ষার আওতায় আনা হবে সে প্রশ্নে একমত হতে পারছেন না নেতারা।
তাছাড়া বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তি ঠেকানোর লক্ষ্যমাত্রা নিয়েও নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। আর অন্যান্য ইস্যুর মধ্যে আছে অর্থের বিষয়টি।
তবে বিবিসি জানিয়েছে, নানা মতানৈক্যের মধ্যেও বৈঠকের ফলাফল ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগুচ্ছে।
ডাইনোসারের বিলুপ্তির পর থেকে বর্তমানে বিশ্বে বিভিন্ন প্রাণী ও প্রজাতি সবচেয়ে বেশি বিপন্ন।
তাই এ পরিস্থিতি ঠেকাতে বিশ্বে প্রকৃতির প্রাণ-প্রাচুর্য রক্ষার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের চেষ্টায় এ বৈঠকে বসেছেন ২০০ টি দেশের প্রতিনিধিরা।
২০২০ সালের মধ্যে পৃথিবীর ১৭ শতাংশ স্থলভাগ এবং ১০ শতাংশ রক্ষার লক্ষ্যমাত্রা নেওয়ার ব্যাপারে নেতারা কিছুটা একমত হয়েছেন।
তবে পরিবেশ সংরক্ষণবাদী গ্র"পগুলো বলছে, এ লক্ষ্যমাত্রা তেমন কিছু নয়। কারণ, পৃথিবীর ১৩ শতাংশ স্থলভাগ এবং ১০ শতাংশ জলভাগ ইতোমধ্যেই সুরক্ষিত।
বিশ্বের পরিবেশ মন্ত্রীরা প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তি ঠেকানোর ২০১০ সালের লক্ষ্যমাত্রা পূরণে ইতোমধ্যেই ব্যর্থ হয়েছেন।
তাই এবারের বৈঠকে ভবিষ্যৎ লক্ষ্যমাত্র কতটুকু উচ্চাকাঙ্খী হওয়া উচিত সমাধান মিলছে না সে প্রশ্নের।
তাছাড়া ব্রাজিল ও এর মিত্রদেশগুলো জানিয়েছে, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় তাদের প্রতিবছর বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন।
ওদিকে, দরিদ্র দেশগুলো তাদের বাজেটের অন্যান্য চাহিদার দিকে তাকিয়ে পরিবেশ সুরক্ষায় বেশি ব্যয় করতে রাজি নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৩ ঘ.
bdnews24