সিউল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- উত্তর ও দক্ষিণ কোরিয়ার সেনারা শুক্রবার সীমান্তে গুলি বিনিময় করেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা একথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী সেনারা দক্ষিণ কোরিয়ার একটি সীমান্তরক্ষী ফাঁড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বিনিময় করলে দক্ষিণের সেনারা পাল্টা তিন রাউন্ড গুলি ছোড়ে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ৯০ কিলোমিটার উত্তরপূর্বে হাওয়াচিন সীমান্তে এ গুলিবিনিময়ের ঘটনায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।
উত্তর কোরিয়ার সেনারা প্রথমে কেনো গুলি চালালো এবং এটি উস্কানিমূলক কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলেছে, দক্ষিণের পূর্বাঞ্চলীয় গাংওয়ান প্রদেশের চেওরওন সীমান্তরক্ষী ফাঁড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ বছরের প্রথমদিকে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ চেওনান ডুবে ৪৬ জন নাবিক প্রাণ হারায়।
এ ঘটনার জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উত্তরের টর্পেডো হামলাকে দায়ী করলেও বরাবরই এ দায় অস্বীকার করেছে তারা।
এর আগে সমুদ্র সীমায় উত্তেজনাকর ঘটনা ঘটলেও ২০০৬ সালের পর এই প্রথম দুই কোরিয়ার মধ্যে স্থল সীমান্তে গুলিবিনিময় হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৩০ গ.
bdnews24