হ্যানয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারে নির্বাচনের আগে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুক্রবার জান্তা সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
গত ২০ বছরের মধ্যে আগামী ৭ নভেম্বর সামরিক জান্তা শাসিত মিয়ানমারে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বান হ্যানয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ৭ নভেম্বরের নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী। তবে এ নির্বাচন নিয়ে তার উদ্বেগও রয়েছে।
মিয়ানমারের এখনো সঠিক পথে ফিরে আসার সুযোগ আছে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া, মিয়ানমারে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজনীয়তার ব্যাপারেও জাতিসংঘ ও আসিয়ান একমত বলে জানান বান।
তিনি বলেন, "এখনো সময় চলে যায়নি। সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ে সমঝোতায় পৌঁছাতে পারে।"
এর আগে মিয়ানমারে ১৯৯০ সালের নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি' (এনএলডি) জয়ী হলেও সামরিক বাহিনী সে ফলাফল অবজ্ঞা করে দেশের ক্ষমতা দখল করে। তখন থেকে বেশিরভাগ সময় সু চিকে গৃহবন্দী করে রাখে সামরিক জান্তা সরকার।
২০১৫ সালের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার মানসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আয়োজিত ১০ সদস্যের আঞ্চলিক জোট 'অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস'র (আসিয়ান) সম্মেলনে মিয়ানমার এবং দেশটির মানবধিকার লঙ্ঘনের বিষয়টি একটি বিরোধপূর্ণ ইস্যু।
মিয়ানমারের প্রধানমন্ত্রীসহ আসিয়ানভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসার কথা রয়েছে বান কি মুনের।
আসিয়ান বরাবরই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
কিন্তু বিশ্লেষকরা বলছেন, সু চিসহ প্রায় ২ হাজার রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24