২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিসকোতে বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত ও একজন নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিসকোতে বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। পাঁচটি গাড়িতে ছিলেন ২০ পুলিশ কর্মকর্তা। বন্দুকধারীরাও গাড়িতে করে এসে পুলিশের ওই গাড়িবহরে হামলা চালায় বলে জালিসকোর জননিরাপত্তা বিভাগের বিবৃতিতে জানানো হয়। ওই হামলা থেকে আত্মরক্ষাকারী ১০ কর্মকর্তা ঘণ্টাব্যাপী বন্দুকধারীদের সঙ্গে লড়াই চালায়। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। বন্দুকধারীরা গ্রেনেড হামলাও চালিয়েছে। হামলা শেষে তারা পার্শ্ববর্তী মিচোয়াকান প্রদেশের দিকে পালিয়ে যায়। মিচোয়াকান 'ল্য ফ্যামিলিয়া' মাদক চক্রের মূল ঘাঁটি। এই চক্র প্রায়ই পুলিশের গাড়ি বহরে হামলা চালায়। মিচোয়াকানের কর্মকর্তারা হামলাকারীদের খোঁজে তল্লাশিতে অংশ নেয়নি বলে জালিসকোর কর্তৃপক্ষ অভিযোগ করেছে। হামলাকারীদের গ্রেনেডে পার্শ্ববর্তী আবাসিক এলাকায় দুই বছর বয়সী এক শিশুসহ চারজন আহতও হয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩২ঘ.