২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামিতে নিহতের সংখ্যা ৩৪৩, ভেসে উঠছে ধ্বংসলীলা

ইন্দোনেশিয়ায় সোমবার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৩ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 10:36 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

মেন্তাওয়াই দ্বীপ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইন্দোনেশিয়ায় সোমবার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৩ হয়েছে। পশ্চিম সুমাত্রা প্রদেশের বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা ফেরি ফয়সাল বৃহস্পতিবার সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩৪৩ বলে জানিয়েছেন। এখোনো নিখোঁজ রয়েছে ৩৩৮ মানুষ। উদ্ধারকারীরা নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে। নিখোঁজদের বেশির ভাগই সাগরে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, সুনামি বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বহু মানুষ সাগরে ভেসে গিয়ে থাকতে পারে। তাই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এ সুনামি যে ব্যাপক ধ্বংস ডেকে এনেছে হেলিকপ্টার থেকে তোলা ছবিতে তার অনেকটাই উঠে আসতে শুরু করেছে। দক্ষিণ পাগাই দ্বীপে উপকূলীয় গ্রামগুলোর প্রায় ৬ শ' মিটার পর্যন্ত পানিতে ভেসে গেছে। ছবিতে দ্বীপের ধ্বংস হয়ে যাওয়া গ্রমগুলোকে মনে হচ্ছে সমতলভূমি। নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। উদ্ধারকর্মীরা ভেসে যাওয়া ১৩ টি গ্রামে পৌঁছতে পেরেছে। কিন্তু ১১ টি গ্রামে তারা এখনো পৌঁছতে পারেনি। প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো বিপর্যস্ত এলাকায় পৌঁছেছেন। ইন্দেনেশিয়ার সুমাত্রায় সোমবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এর পরপরই সুনামি সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার ভূমিকম্প সংস্থা। কিন্তু সুনামিতে ব্যাপক মৃত্যু আর ধ্বংসযজ্ঞ এ সুনামি সতর্কতার কার্যকারিতাকে প্রশ্নের সম্মুখীন করেছে। সূত্র: এপি, বিবিসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/বিবি/এলকিউ/১৬২৯