অসলো, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের উত্তরাঞ্চলের গহীন বনে চ্যাপ্টা নাকের নতুন এক প্রজাতির বানরের সন্ধান পাওয়া গেছে।
তবে চীনের একটি জলবিদ্যুৎ প্রকল্প ও বন ধ্বংসের কারণে এ প্রজাতির বানর হুমকির মুখে রয়েছে বলে বুধবার বিজ্ঞানীরা জানিয়েছেন।
বিজ্ঞানীরা জানান, এগুলো লম্বা লেজ বিশিষ্ট কালো রঙের, সাদা গুচ্ছ কর্ণ এবং সাদা দাড়িওয়ালা বলে কাচিন প্রদেশের শিকারিরা জানিয়েছে।
'আমেরিকান জার্নাল অফ প্রাইমাটোলজি' তে প্রকাশিত ওই গষেণার প্রধান জুরিখ-ইরচেল বিশ্ববিদ্যালয়ের থমাস গেইসমান রয়টার্সকে বলেন, "বিশ্বের অন্য প্রজাতির বানর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের বানরের দেখা পাওয়া বিরল ঘটনা।"
এ বানরের কঙ্কাল ও চারটি মাথার খুলি পরীক্ষা করে দেখা যায়, চীন ও ভিয়েতনামে বসবাসরত চ্যাপ্টা নাকের বানর থেকে এ প্রজাতি ভিন্ন। তবে মিয়ানমারের এ বানরের কোনো ছবি বিশেষজ্ঞের কাছে নেই।
বিজ্ঞানীদের হিসেব অনুসারে মিয়ানমারে ২৭০ কিলোমিটার অঞ্চলজুড়ে এ প্রজাতির ২৬০ থেকে ৩৩০টি বানর রয়েছে যারা এখন মারাত্মকভাবে বিপন্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০০ঘ.
bdnews24