বাগদাদ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজকে মঙ্গলবার মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
সর্বোচ্চ আদালতের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, "২০০৩ সালের আগে ইরাকের ধর্মীয় দলগুলো নির্মূল অভিযানে জড়িত থাকার অভিযোগে তারিক আজিজ, সাদুন শাকির ও আবেদ হামুদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।"
সাদ্দাম হোসেনের শাসনামলে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দমনপীড়ন চালানো হয়েছিলো।
তারিক আজিজ সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন। সে সময় তিনি একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
সাদুন শাকির ইরাকের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধান এবং আবেদ হামুদ সাদ্দাম হোসেনের ব্যক্তিগত সচিব ছিলেন।
এর আগে গত বছর ১৯৯২ সালে বেশ কয়েক জন বনিকের মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগে তারিক আজিজের ১৫ বছরের কারাদণ্ড হয়।
তাছাড়া ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি উচ্ছেদ অভিযানে ভূমিকার কারণে তার আরো সাত বছরের কারাদণ্ড হয়।
২০০৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালানোর পর এপ্রিলে তিনি মার্কিন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এ বছর মার্কিন বাহিনী তাকে ইরাকি কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন।
অগাস্টে ওবামার সমালোচনা করে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেন, নেকড়েদের কাছে দায়িত্ব দিয়ে ইরাক ছেড়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭২২ ঘ.
bdnews24