তাইপে, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিয়ের বয়স হয়েছে চেনের। দেখতে দেখতে ৩০ বছর হয়ে গেছে। কিন্তু এখনো কোনো সঙ্গী খুঁজে পাননি তিনি। তাই বলে কি বিয়ে করবেন না চেন!
হ্যাঁ, চেন বিয়ে করছেন এবং আগামী মাসেই। বিয়ের সব আয়োজন চলছে। দাওয়াত দেওয়া হয়েছে ৩০ জন বন্ধু-বান্ধবকে।
সব আয়োজনের ভিড়ে বিয়েতে থাকবে না শুধু বর। কারণ, নিজেকেই নিজে বিয়ে করবেন তাইওয়ানি নারী চেন ওয়েই-ইয়েহ।
চেন বলেছেন, "৩০ বছর আমার জন্য যথেষ্ট সময়। আমি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ। কিন্তু আমি এখনো কোনো সঙ্গী খুঁজে পাইনি। তহলে আর কী করার আছে ?"
তিনি আরো বলেন, "এমন না যে আমি বিয়ে-বিরোধী। তাই আমার এ উদ্যোগ বিয়ের রীতিতে একটা ভিন্ন মাত্রা এনে দেবে বলেই মনে করছি।"
বিয়ের পর হামিমুনও বাদ যায়নি চেনের পরিকল্পনায়। হানিমুনের জন্য অস্ট্রেলিয়ায় যাবেন চেন।
তবেই এটাই তার শেষ বিয়ে নয়। পছন্দের কোন পুরুষকে খুঁজে পেলে চেন আবারো বিয়ে করবেন ।
এজন্য নিজেকে ডিভোর্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ নিজেকে বিয়ে করতে গিয়ে কোনো নিবন্ধন করবেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৩ ঘ.
bdnews24