স্লোভেনিয়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পূর্ব ইউরোপের কোনো দেশ হিসেবে স্লোভেনিয়ায় রোববার প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ একটি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।
ঘানা বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ পিটার বসম্যান স্লোভেনিয়ার উপকূলীয় শহর পিরানের মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের প্রাথমিক ফলাফলে মধ্য ডানপন্থী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। পেশায় বসম্যান একজন ডাক্তার।
৫৪ বছর বয়সী পিটার বসম্যান ৩৩ বছর আগে মেডিসিনে পড়তে স্লোভেনিয়ায় যান। দেশটির ক্ষমতাসীন মধ্য বামপন্থী দল সোস্যাল ডেমোক্র্যাটের একজন সদস্য তিনি।
রয়টার্সকে তিনি বলেন, "আমার বিজয় স্লোভেনিয়ায় উচ্চ মাত্রায় গণতান্ত্রিক চর্চার উদাহরণ।"
লেখাপড়া শেষে ঘানায় ফিরে যাওয়ার ইচ্ছে থাকলেও ক্রোয়েশিয়া বংশোদ্ভূত এক সহপাঠিকে বিয়ে করে স্লোভেনিয়ায় থেকে যান বসম্যান।
বসম্যান বলেন, "আমি এ দেশকে ভালোবাসি। স্লোভেনিয়া আমার ঘর। দেশটিকে প্রথম দেখাতেই আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। অনেক পরিস্কার পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা এই দেশ।"
১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া স্লোভেনিয়ার জনসংখ্যা মোট ২০ লাখ।
২০০৪ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫০৩ঘ.
bdnews24