সিউডাড জুয়ারেজ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর সিউডাড জুয়ারেজ শহরে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
কর্তৃপক্ষ শনিবার একথা জানিয়েছে।
এ মাসেই যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী ঐ শহরটিতে কোনো অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় হতাহতের দ্বিতীয় ঘটনা এটি।
মাদক পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয় এলাকাটি। মাদক চোরাচালানকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কারণে এটি বিশ্বের অন্যতম প্রধান সহিংসতার শহর।
ঐ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাণে বেঁচে যাওয়া এক তরুণ রয়টার্সকে বলেন, "গুলির শব্দ শুনে আমি মেঝেতে শুয়ে পড়লাম এবং অনেক মানুষ আমার উপরে শুয়ে পড়লো।"
একটি ছেলের ১৫ তম জন্মদিনের অনুষ্ঠান চলাকালে শুক্রবার মধ্যরাতে এ হামলা হয়েছে বলেও জানান তরুণটি।
নিহতদের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে।
একজন সরকারি কৌসুলি জানান, হামলাকারীরা পালিয়ে গেছে এবং তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী মধ্যরাতের দিকে দুটো মিনিবাসে এসে বাড়িতে ঢুকে হামলা চালায়।
মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
গত দুই বছরে শহরটিতে সহিংসতায় কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০৯৩৭ ঘ.
bdnews24