ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হয়েছে বলে দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা এপির সূত্রে জানা গেছে, দেশটির বন্যা কবলিত মধ্যাঞ্চলীয় চার প্রদেশে ১৬ টি মৃতদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।
বন্যার পানিতে রাস্তা ডুবে যাওয়ায় একটি গাড়ি পথ হারিয়ে লাম নদীতে পড়ে তলিয়ে যায়। উদ্ধারকর্মীরা সে বাসটি থেকে ১৫ মৃতদেহ উদ্ধার করেছে।
বাসের মধ্যে ৩৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৮ যাত্রী তীরে উঠে আসতে পারলেও ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তিনটি প্রদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রায় দুই লাখ ৮০ হাজার বাড়িতে বন্যার পানি উঠেছে এবং গৃহহীন হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪০ঘ.
bdnews24