ইয়াঙ্গুন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সামরিক সরকার বৃহস্পতিবার দেশটির পতাকা, নাম এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। ২০০৮ সালে প্রণীত নতুন সংবিধানের আলোকেই এই পরিবর্তন বলে জানা গেছে।
দেশটি এখন থেকে 'ইউনিয়ন অব মিয়ানমার'র স্থলে 'দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার' নামে পরিচিত হবে।
তবে এসব পরিবর্তন কেন করা হলো সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়টার্সকে জানান, পতাকা পরিবর্তনের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "স্বল্প সময়ের নোটিশে এ নির্দেশ পাওয়াতে আমরা বিস্মিত হই। আগের পতাকা পুড়িয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে আমাদের।"
পতাকা পরিবর্তন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, এটি নতুন বোতলে পুরনো মদের মতোই ব্যাপার হলো। খোলস পাল্টেছে, কিন্তু যা প্রয়োজন তা হচ্ছে মদটুকু পরিবর্তন করা।
১৯৮৯ সালে দেশটির নাম বার্মা থেকে মিয়ানমার-এ পরিবর্তন করে সামরিক সরকার।
২০ বছর পর আগামী ৭ নভেম্বর দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৫ঘ.
bdnews24