২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি পেলেন জোলি

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার পরিচালিত প্রথম চলচ্চিত্রের কিছু অংশ বসনিয়ায় চিত্রায়ণ করার অনুমতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

সারাজেভো , অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার পরিচালিত প্রথম চলচ্চিত্রের কিছু অংশ বসনিয়ায় চিত্রায়ণ করার অনুমতি পেয়েছেন। নির্মিতব্য চলচ্চিত্রটির চিত্রনাট্য দেখার পর দেশটির সরকারের পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হয় বলে সোমবার জানা গেছে। গত বুধবার প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ার অজুহাতে জোলির চলচ্চিত্র চিত্রয়াণের কার্যাদেশ বাতিল করে লন বসনিয়ার ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী গ্যাভরিলো গ্রাহোভাক। অস্কার-জয়ী অভিনেত্রী জোলি বুদাপেস্টে এ ছবির শ্যুটিং শুরু করেছেন। নভেম্বরে বসনিয়ায় ছবিটির চিত্রায়ণ শেষ হওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রের একজন নির্বাহী এডিন সারকিক রয়টার্সকে টেলিফোনে জানান, "আমি এখন চিত্রায়ণের জন্য প্রস্তুতি নিতে পারি, যা গত সপ্তায় স্থগিত করা হয়েছিল।" বসনিয়ার ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রী গ্যাভরিলো গ্রাহোভাককে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও যে সমস্ত স্থানে চিত্রায়ণ হবে তার তালিকা সরবরাহের পর তিনি অনুমতি দিয়েছেন। সিনেমাটির প্রযোজনা সংস্থা বলেছে, বসনিয়া যুদ্ধের (১৯৯২-১৯৯৫ সালের যে যুদ্ধে নিহত হয়েছে প্রায় ১ লাখ মানুষ) প্রাক্কালে সার্বিয়ার একটি ছেলের সঙ্গে বসনীয় এক মেয়ের প্রেমকাহিনী নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। এর আগে সিনেমার এ পাণ্ডুলিপি যুদ্ধে নির্যাতনের শিকার নারীর প্রতি অবিচারের নামান্তর এবং এতে নির্যাতন ক্যাম্পে নারীদের নির্যাতনের শিকার হওয়ার সত্য ঘটনাকে বিকৃত করা হয়েছে দাবি করে ওমেনস ভিকটিমস অব ওয়ার এসোসিয়েশন এ চলচ্চিত্র চিত্রায়ণের অনুমতি না দিতে সরকারের প্রতি অনুরোধ জানায়। এ অনুরোধের পর মন্ত্রী গাভরিলো জোলির শুটিংয়ের অনুমতি বাতিল করেন। শুটিংয়ের অনুরোধ আইনসম্মত নয়, অসম্পূর্ণ এবং প্রয়োজনীয় স্ক্রিপ্ট না থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে সারায়েভোয় সিনেমাটির প্রযোজক ওমেনস ভিকটিমস অব ওয়ার এসোসিয়েশন এর অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, এটি কেবল মাত্র একটি প্রেমের ছবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৩৫ ঘ.