নয়া দিল্লি, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী। সোমবার একথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। একইসঙ্গে অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়ে প্রণব বলেছেন, নতুন মন্ত্রিসভায় তার যোগ দেওয়ার সম্ভাবনা নেই।
কংগ্রেসের প্রভাবশালী নেতা প্রণব মুখার্জি ভারত সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক। তিনি এমন এক সময় অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন যখন ভারত দারিদ্র ও মুদ্রাস্ফীতি মোকাবেলা করে প্রবৃদ্ধি দুই অঙ্কে নিয়ে যাওয়ার জন্য ভারসাম্যপূর্ণ নীতি নেওয়ার চেষ্টা করছে।
রাহুল গান্ধীর মন্ত্রিসভায় যোগ দেবেন কিনা জানতে চাওয়া হলে ইন্ডিয়া টুডে সাপ্তাহিককে প্রণব বলেন, "ঈশ্বর! আমার বয়স কতো হবে? এর মধ্যেই আমার বয়স ৭৫ বছর হয়ে গেছে। একটা সময় পরে আপনি আর এগোতে পারেন না।"
তিনি আরো বলেন, "আপনারা আর কতোদিন আমাকে রাখতে চান? বরং আমি আমার উইকেট বেশি দিন টিকিয়ে রেখেছি।"
বাঙালি ঘরের সন্তান প্রণব মুখার্জি ভারতের রাজনীতিতে সবচেয়ে প্রজ্ঞাবানদের একজন। চার দশক আগে তিনি প্রথম পার্লামেন্টে যান। ১৯৭৩ সালের পর থেকে কংগ্রেসের প্রতিটি সরকারে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন তিনি।
প্রণব বলেন, রাহুল গান্ধী একজন জনপ্রিয় নেতা এবং তার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে।
রাহুলের জনপ্রিয়তা বিস্ময়কর বলেও জানান তিনি।
সোনিয়া গান্ধীর ছেলে রাহুল নেহেরু-গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার। এর আগে এ পরিবার থেকে তিন জন ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন।
প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস দলটি গত বছর পুনর্র্নিবাচিত হয়ে সরকার গঠন করলেও কাজের স্থবিরতার সমালোচনা উঠেছে সরকারের বিরুদ্ধে। সেইসঙ্গে মন্ত্রিপরিষদে তরুণ ও নেতৃত্ব প্রয়োজন বলেও দাবি উঠেছে।
ভারতের অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতিসহ সব ধরনের নীতি নির্ধারণীতে মনমোহন সিংয়ের মন্ত্রিপরিষদে প্রণব মুর্খাজিই সবচেয়ে প্রজ্ঞাবান ও দূরদর্শী মন্ত্রী বলে মনে করেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24