ম্যানিলা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী বৃষ্টিপাত নিয়ে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সর্বোচ্চ মাত্রার (ক্যাটাগরি-৫) ঘূর্ণিঝড় মেগি।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে ফিলিপাইনের মূল ভূখণ্ড লুজনের উত্তরে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৪০ মাইল।
এর আগে স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে জানানো হয়, এর প্রভাবে ফিলিপাইনের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিমানের কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। হাজার হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে সরে গেছে।
বিবিসি জানিয়েছে, জরুরি কাজে নিয়োজিত সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অনেক এলাকার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
চলতি বছর ফিলিপাইনে এর আগে আরো ৯টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। তবে দশম ঘূর্ণিঝড় মেগি সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।
স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় (গ্রিনিচ মান সময় রোববার রাত ১০টায়) ঘূর্ণিঝড়টি কাগায়ান উপকূল থেকে ১৯০ কিলোমিটার পূর্বে এবং সেটি ঘণ্টায় ১৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অগ্রসর হচ্ছিলো।
আশঙ্কা করা হচ্ছে, এর আঘাতে উত্তর ফিলিপাইনে বন্যা, ঝড় ও ভূমিধস হতে পারে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উত্তরাঞ্চলীয় ১৯টি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর কাগায়ান প্রদেশের গভর্নর রয়টার্সকে রোববার জানান, এই ঘূর্ণিঝড়ে তার প্রদেশের ৬০ ভাগ ধান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাগায়ান প্রদেশেই দেশটির মোট ধানের এক তৃতীয়াংশ উৎপন্ন হয়ে থাকে।
জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান বেনিতো রামোস এক বেতার সাক্ষাৎকারে জানিয়েছেন, কাগায়ান প্রদেশ থেকে ১১শ'র বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৩ ঘ.
bdnews24