করাচি, পাকিস্তান, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে উপ-নির্বাচনকে ঘিরে সহিংসতায় কমপক্ষে ২২ জন নিহত হওয়ার পর রোববার ভোট দিয়েছে জনগণ। ভোট গণনা চলছে।
এর আগে পুলিশ শনিবার রাতে করাচির কয়েকটি এলাকায় অস্ত্রধারীদের গুলিতে ২২ জন নিহত হওয়ার কথা জানায়।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সগীর রয়টার্সকে বলেন, রোববারের উপনির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রধারীরা শহরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
'মোত্তাহিদা কওমী মুভমেন্ট'র (এমকিউএম) এক এমপি গত অগাস্টে অস্ত্রধারীদের গুলিতে নিহত হওয়ায় প্রাদেশিক সংসদের একটি আসনে রোববার এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্র করাচিতে এমকিউএম সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল।
এ দলের প্রতিপক্ষ আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) উপ-নির্বাচন বয়কট করেছে। এমকিউএম ভোট ডাকাতি করবে অভিযোগে তারা নির্বাচন বয়কট করে।
ওদিকে, নির্বাচনপূর্ব সহিংসতায় হত্যাকাণ্ডের জন্য এএনপি'র বিরুদ্ধে অভিযোগ করেছে এমকিউএম।
নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পরপরই নির্বাচন বানচাল করতে এনএনপি'র সন্ত্রাসীরা নীরিহ মানুষদের হত্যা করতে শুরু করেছে এবং এতে এমকিউএম কর্মীসহ ২৫ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে এমকিউএম। তবে এএনপি এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২২ ঘ.
bdnews24