খার্তুম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সহিংসতা ঠেকাতে উত্তর ও দক্ষিণ সুদানের সীমান্তে একটি নিরপেক্ষ এলাকা নির্ধারণে জাতিসংঘ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে সুদানের সেনাবাহিনী।
এ পরিকল্পনা অজ্ঞতা বা অনধিকারচর্চার স্মারক বলে দাবি করেছে সেনাবাহিনী।
জাতিসংঘ কর্মকর্তারা শুক্রবার রয়টার্সকে বলেন, ২০১১ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠেয় গণভোটের রায়ের প্রেক্ষিতে দক্ষিণ সুদানের স্বাধীনতা ঘোষণা বা সুদানের সঙ্গে থাকা নিয়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ আশঙ্কা দূর করতেই উত্তর ও দক্ষিণ সুদানের সীমান্তীয় অঞ্চলে স্বল্প পরিসরে নিরপেক্ষ এলাকা নির্ধারণের কথা বলেছেন জাতিসংঘ কর্মকর্তারা।
জাতিসংঘের এ অবস্থানের প্রতিক্রিয়ায় শুক্রবার দিনের শেষভাগে সুদানের সেনাবাহিনীর মুখপাত্র আল সোয়ার্মি খালেদ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনাকে বলেন, "উত্তর ও দক্ষিণের সীমান্তে জাতিসংঘ নিরপেক্ষ এলাকা নির্ধারণের এ পরিকল্পনা সুদানের পরিস্থিতি সম্পর্কে না জানা বা সুদানের স্থিতিশীলতা ও ঐক্যকে বিলম্বিত করতে হয়রানিমূলক পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।"
উত্তর ও দক্ষিণ সুদানের অধিবাসীদের মধ্যকার যুদ্ধ বন্ধে ২০০৫ সালে একটি শান্তি চুক্তি হয়। সে চুক্তি অনুযায়ী, দক্ষিণ সুদানের স্বাধীন হওয়া বা সুদানের সঙ্গে থাকার বিষয়ে অনুষ্ঠেয় গণভোটের নির্ধারিত তারিখ ২০১১ সালের ৯ জানুয়ারি।
সুদানের ঐ গৃহযুদ্ধে আনুমানিক ২০ লাখ মানুষ নিহত হয়।
খ্রিস্টান ধর্মাবলম্বী দক্ষিণ সুদানের বাসিন্দারা মূলত ঐ অঞ্চলের আদিবাসী। তারা স্বাধীন রাষ্ট্র পেতে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু মুসলিম অধ্যুষিত উত্তর সুদান চায় পুরো দেশকে এক রাখতে।
আধা সায়ত্ত্বশাসিত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির গত সপ্তাহে সুদান সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কূটনীতিকদের বলেন, উত্তর সুদান দক্ষিণের দিকে লক্ষ্য করে সেনা সমাবেশ ঘটাচ্ছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি আশঙ্কা করছেন।
বৃহস্পতিবার জাতিসংঘের ওয়াশিংটন প্রতিনিধি সুজান রাইস বলেন, উত্তর ও দক্ষিণ সুদানের সীমান্তে জাতিসংঘ পরিচালিত ১০ মাইলের একটি নিরপেক্ষ এলাকা চেয়েছেন কির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১১১ ঘ.
bdnews24